সোমবার (১৬ নভেম্বর) সকালেও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। এর আগে রোববার সকাল থেকে তিন শতাধিক প্রার্থী সেখানে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও সপ্তম গণবিজ্ঞপ্তিতে অনেক প্রার্থী নিয়োগের সুপারিশ পাননি। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।
প্রার্থীরা জানান, নিয়োগের দাবিতে ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। বিভিন্ন সময় ঢাকায় অবস্থান ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচির সময় তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ওই সময় মন্ত্রী তাদের দাবি শুনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন।
এদিকে রোববার দুপুরে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তবে আলোচনা থেকে প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় তারা আবার শাহবাগে ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা। পাশাপাশি সনদের মেয়াদ ও বয়সসীমার শর্ত পূরণ করা সব সুপারিশবঞ্চিত প্রার্থীকে নিয়োগের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
প্রার্থীদের দাবি, শুধু নামমাত্র গণবিজ্ঞপ্তি নয়, বরং বাস্তবে নিয়োগের সুযোগ সৃষ্টি করে এমন কার্যকর উদ্যোগ নিতে হবে।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাদের মধ্যে বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাকি প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার দাবিতেই শাহবাগে এই আন্দোলন চলছে।

মন্তব্য করুন