ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এর ফলে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। বিষয়টি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নতুন রণতরী যুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমান এবং প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন। একই সময়ে তিনটি বিমানবাহী রণতরীর উপস্থিতিকে অস্বাভাবিক সামরিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।

ইউএসএস রুজভেল্টের আগে মধ্যপ্রাচ্যে অবস্থান করছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন। পাশাপাশি তিনটি মার্কিন টাস্কফোর্সও এ অঞ্চলে মোতায়েন রয়েছে।

এর আগে গত এপ্রিলেও মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করেছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল এ ধরনের প্রথম ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চলাকালে ইউএসএস আব্রাহাম লিংকন নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধবিরতির পর রণতরীটির নাবিকদের বিশ্রাম দেওয়ার জন্য অন্য বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। টানা ৪০ দিন সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ থাকলেও পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ইউএসএস রুজভেল্টের মধ্যপ্রাচ্যে আগমনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন পর্যবেক্ষকরা। এর আগে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু হলে এই রণতরী তাতে অংশ নিতে পারে।