ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) রাতে বানতেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে কারখানাটির অবস্থান।

রোববার (২২ নভেম্বর) পর্যন্ত কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলছিল। ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত চারজনকে হাসপাতালে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বানতেনের গভর্নর আন্দ্রা সনি জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৬০ জন লোক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর কারখানার বড় একটি অংশ পুড়ে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে আগুনের ভয়াবহতা দেখা গেছে। রোববার সকালে ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেন কর্মীরা।

নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হয়ে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষা করছেন। উদ্ধার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে যৌথ উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আগুন কারখানার বড় অংশে ছড়িয়ে পড়ে।

দমকল কর্মকর্তা তুবুগাস মাহফুজ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর সময় বড় একটি এলাকা আগুনে পুড়ছিল। ফলে কারখানার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করেছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

কারখানাটির মালিকানা পিটি ফনুসা আগুং মুলিয়ার। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ার বৃহৎ খাদ্য ও পানীয় উৎপাদনকারী কোম্পানি ইউনিফামের সহযোগী প্রতিষ্ঠান।