মুম্বাইয়ে গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর শুটিং থেকে বিরত ছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। প্রায় এক মাস পর আবারও ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। পুণেতে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘লগ যা গলে’র শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা।

সিনেমাটির পুণে পর্বের শুটিংও শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পরই প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় টাইগারকে।

সম্প্রতি পুণের একটি নাইটক্লাবে জাহ্নবী কাপুরের সঙ্গে টাইগারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ক্লাবটির মালিক আরিয়ান নাভালে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি জানান, তাঁদের ক্লাবেও ‘লগ যা গলে’ সিনেমার শুটিং হয়েছে। দুই তারকার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে তাঁদের স্বাগতও জানান তিনি।

এদিকে সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন এর কেশ ও রূপসজ্জাশিল্পী সৌরভ রায়। শুটিং সেট থেকে একটি কেকের ছবি প্রকাশ করে তিনি কাজ শেষ হওয়ার বিষয়টি জানান। ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় শেয়ার করেছেন জাহ্নবী কাপুরও।

রাজ মেহতার পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লগ যা গলে’। এতে টাইগার ও জাহ্নবী ছাড়াও অভিনয় করছেন লক্ষ্য। সিনেমাটিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে টাইগারকে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, এতে তিনি অ্যান্টি-হিরোর ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটিতে রয়েছে অন্ধকার ও অনিশ্চয়তার ছাপ।

এর আগে ‘গুড নিউজ’, ‘যুগ যুগ জিয়ো’ ও ‘সেলফি’র মতো সিনেমা পরিচালনা করেছেন রাজ মেহতা।

অন্যদিকে, টাইগার শ্রফকে সর্বশেষ দেখা গেছে ‘বাগি ৪’ সিনেমায়। সামনে রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তাঁর।

তবে ‘লগ যা গলে’ সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।