ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিট সূত্র জানায়, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। পরে ইউনিটের এক সদস্য তাকে ডাকতে হোটেলকক্ষে গেলে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে ইউনিটের অন্য সদস্যরা ছুটে আসেন।

এরপর দ্রুত তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।