ফরিদপুরের ভাঙ্গায় হামলায় রাজু মোল্লা (৩০) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে।
প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা করে রাজু মোল্লাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক দল নেতারা।

মন্তব্য করুন