বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন তিনি। পরে অনুসন্ধান দলের প্রধান উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এর আগে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে তলবি চিঠি পাঠিয়েছিল দুদক।
দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের সঙ্গে মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার বক্তব্য নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং একত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
তবে দুদকের অনুসন্ধানে ওঠা অভিযোগ এখনো প্রমাণিত নয়।


মন্তব্য করুন