বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে তার। বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা আনোয়ার ইব্রাহিমের। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। তবে ঢাকায় তার অবস্থান হবে স্বল্প সময়ের জন্য, সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা। এরপর ঢাকা থেকে ব্যাংকক সফরে যাওয়ার কথা রয়েছে তার।

দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শ্রমবাজার, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাত গুরুত্ব পেতে পারে। পাশাপাশি সফরে কয়েকটি সমঝোতা স্মারক এবং নোট অব এক্সচেঞ্জ সইয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতে দুটি সমঝোতা স্মারক সই নিয়ে আলোচনা চলছে।

এদিকে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য দেশটির শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। সেটি আবার চালু করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১১২ জন কর্মী পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। এবার ফিরতি সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।

দুই দেশের এই উচ্চপর্যায়ের সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শ্রমবাজার ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন অগ্রগতির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।