দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। এ নিয়ে চলতি বছরের নভেম্বরের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০০ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। এছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৫৫ জন। এছাড়া খুলনায় ১৭৪, বরিশালে ১৬৭, চট্টগ্রামে ১৫০, রাজশাহীতে ১৩৩, ময়মনসিংহে ৭৬ এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন