ভারতে গত ছয় মাসে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ৩২ হাজার রুপি কমেছে। আর এই মূল্যহ্রাসের কৃতিত্ব দেশটির সাধারণ মানুষকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বানে জনগণ সাড়া দেওয়ায় স্বর্ণের চাহিদা ও আমদানি কমেছে।
শনিবার (২১ নভেম্বর) উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন মোদি।
তিনি জানান, গত মে মাসে ভারতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে। অর্থাৎ গ্রামপ্রতি দাম কমেছে ২ হাজার ৭২৭ রুপি।
ভারতে এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে ধরলে, মে মাসে প্রতি ভরির দাম ছিল প্রায় ১ লাখ ৭৭ হাজার ৮৭৬ রুপি। বর্তমানে তা নেমে এসেছে ১ লাখ ৪৬ হাজার ৬৮ রুপিতে। ফলে ছয় মাসে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৩১ হাজার ৮০৮ রুপি।
মোদি বলেন, তিনি দেশবাসীকে অনুরোধ করেছিলেন, খুব প্রয়োজন না হলে অন্তত এক বছর যেন কেউ স্বর্ণ না কেনেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষ সেই আহ্বানে সাড়া দিয়েছেন। এখন অনেকেই তাঁকে জানাচ্ছেন, তাঁর পরামর্শ মেনে সোনা না কেনায় তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে।
নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর এক বেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন মোদি।
উল্লেখ্য, গত ৯ মে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে এক জনসভায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে জ্বালানির ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ সীমিত করা এবং বাড়ি থেকে কাজের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। এ সময়ে আমদানির পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, আগের বছর যা ছিল ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কমে ১৬২ টনে দাঁড়িয়েছে। গয়নার চাহিদাও কমেছে ২০ শতাংশ।
তবে স্বর্ণের দাম কমার পেছনে শুধু সাধারণ মানুষের কেনাকাটা কমানোই নয়, আমদানি শুল্ক বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন