২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপানো বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির এসব সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।
সম্প্রতি এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এ কার্যক্রম সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকাশনা ও মুদ্রণ প্রতিষ্ঠানের মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এনসিটিবি।

মন্তব্য করুন