নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে ভারতে গেছেন বালেন্দ্র শাহ। দুই দিনের এই সফরকে ঘিরে ভারত-নেপাল সম্পর্কে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, রাজনৈতিক টানাপোড়েন ও পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলাই সফরের অন্যতম লক্ষ্য।
রোববার (২২ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছালে নেপালের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী লোকনৃত্যের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রাসাদা।
চলতি বছরের মার্চে ক্ষমতায় আসার পর এটিই বালেন্দ্র শাহর প্রথম ভারত সফর। ৩৬ বছর বয়সী সাবেক এই র্যাপার ও রাজনীতিকের নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয় অর্জন করে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন আসে।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শাহ। আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠনে ভারতের সহায়তার বিষয় গুরুত্ব পেতে পারে।
গত আগস্টে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। নিখোঁজ হন আরও বহু মানুষ। দেশটির পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে নেপাল সরকার। ফলে ভারতের কাছ থেকে আর্থিক সহায়তা ও সহযোগিতার প্রতিশ্রুতি আদায় শাহর জন্য বড় কূটনৈতিক লক্ষ্য।
ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারেরও বেশি। নেপালের জ্বালানি ও খাদ্যপণ্যের বড় সরবরাহকারী ভারত। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও দেশটি ভারতের ভূখণ্ডের ওপর নির্ভরশীল।
তবে সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে অস্বস্তি। সীমান্ত বিরোধ, ভারতের রাজনৈতিক প্রভাব এবং অসম বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নেপালে অসন্তোষ রয়েছে। ২০১৯ সালে ভারতের প্রকাশিত মানচিত্রে বিতর্কিত কিছু এলাকাকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হলে দুই দেশের বিরোধ আরও বাড়ে। পাল্টা মানচিত্র প্রকাশ করে নিজেদের দাবি পুনর্ব্যক্ত করে নেপাল।
এবারের সফরে সীমান্ত সমস্যার পাশাপাশি বিমান যোগাযোগও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে। নেপাল দীর্ঘদিন ধরে ভারতের কাছে অতিরিক্ত আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়ে আসছে। এতে ভৈরহাওয়া ও পোখারা বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সহজ হবে। কমবে উড়োজাহাজের দূরত্ব ও পরিচালন ব্যয়। বাড়বে পর্যটন ও বাণিজ্যের সম্ভাবনা।
জ্বালানি খাতেও দুই দেশের সহযোগিতার বড় সুযোগ রয়েছে। নেপালের জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে দেশটি থেকে বিদ্যুৎ আমদানি বাড়াতে চায় ভারত। এমনকি ভারতের মাধ্যমে বাংলাদেশেও নেপালের বিদ্যুৎ রপ্তানি হচ্ছে।
অন্যদিকে নেপালের কৌশলগত অবস্থান ঘিরে ভারত ও চীনের প্রতিযোগিতাও রয়েছে। দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইছে কাঠমান্ডু। ভারত সফরের আগে চীনে ২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছেন শাহ।
তবে নতুন সরকারের অভিজ্ঞতা ও কূটনৈতিক প্রস্তুতি নিয়ে নেপালের ভেতরেও প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, শক্তিশালী প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হলে শাহকে সতর্ক ও বাস্তববাদী কূটনৈতিক অবস্থান নিতে হবে।

মন্তব্য করুন