রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁয় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানাধীন ‘কাচ্চি খানাস’ রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। পলাশ গ্যাস লাইনের মিস্ত্রি। বাকি পাঁচজন রেস্তোরাঁটির কর্মচারী।

দগ্ধ নয়ন শিকদার জানান, রাতে রেস্তোরাঁয় গ্যাস লাইনের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। কাজের সময় গ্যাস লাইনের চাবি খোলা থাকায় কক্ষে গ্যাস জমে যায়। পরে লাইন পরীক্ষা করতে গিয়ে আগুন জ্বালানো হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।