ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ জরুরি। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

শুধু দেশীয় বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ তৈরি হয়েছে।

সরকারের প্রত্যাশা, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে এসএমই খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।