জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর (কপ-৩১)। তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহের আলোচনা ও নির্ধারিত সময়ের প্রায় দুই দিন অতিরিক্ত দর-কষাকষি করেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো।
সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের রূপরেখা এবং বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের বিষয়টি নিয়ে মতবিরোধ দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ প্রস্তাবিত চুক্তিতে আপত্তি জানিয়ে তা প্রত্যাখ্যান করে।
দুই সপ্তাহের আলোচনা শেষে সম্মেলনের সভাপতি প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি’ উপস্থাপন করেন। তবে ইইউ জানায়, চুক্তির প্রস্তাব বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তারা এতে সমর্থন দিতে পারবে না।
চুক্তিটি প্রত্যাখ্যান করেছে পানামাও। দেশটি প্রস্তাবিত চুক্তিকে জলবায়ু সংকট মোকাবিলায় পিছিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। পানামার দাবি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্ব ব্যর্থ হয়েছে, চুক্তিতে এই বাস্তবতা স্পষ্টভাবে স্বীকার করতে হবে।

মন্তব্য করুন