ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার দুপুরে নিহত রাজুর স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন। এতে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৮ নভেম্বর রাতে ভাঙ্গার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের কয়েকশ সমর্থক অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও অগ্নিসংযোগে জড়িত ছিলেন। ভাঙচুর করা হয় বিএনপির কার্যালয়ও।

এ সময় বাড়ি ফেরার পথে হামলাকারীদের কবলে পড়েন উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। তাকে পিটিয়ে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, স্বামী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত রাজুর স্ত্রী।