সাগরকন্যা কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাসপূজা ও রাসমেলা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব বিরাজ করছে পর্যটন নগরীজুড়ে। আয়োজকদের প্রত্যাশা, এবার দেশ-বিদেশ থেকে প্রায় দুই থেকে তিন লাখ মানুষের সমাগম ঘটবে।

সোমবার থেকে শুরু হচ্ছে এবারের রাস উৎসব। এ উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে মন্দির প্রাঙ্গণ ও ১৭ জোড়া যুগল প্রতিমা।

উৎসবের অংশ হিসেবে রোববার রাতভর মন্দিরে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে পুণ্যস্নান বা গঙ্গাস্নান। একই দিন বিকেল থেকে মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।

এদিকে উৎসব ঘিরে সমুদ্রসৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। থাকবে খাবার, পোশাকসহ নানা ধরনের পণ্য ও লোকজ সামগ্রীর আয়োজন।

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, বিপুল পর্যটক ও পুণ্যার্থীর আগমনে এবার ভালো বেচাকেনা হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, পুণ্যার্থীদের সহযোগিতায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে, বিপুল মানুষের সমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।