নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে সক্ষম হন তার সঙ্গে থাকা এক এএসআই।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের বয়স ৩২ বছর। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রাতে এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন তথ্য সংগ্রহের কাজে ওই এলাকায় যান। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধাওয়া খেয়ে এএসআই সাত্তার পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ারকে ধরে ফেলে দুর্বৃত্তরা। পরে তার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক আস্তানা রয়েছে। এর আগেও সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারি অথবা স্থানীয় অপরাধী চক্র এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।