দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’র মুক্তি হঠাৎ স্থগিত করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, তার মাত্র পাঁচ দিন আগে এ সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তবে নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিস্ময়কর বিষয় হলো, সিনেমাটির মুক্তি পেছানোর খবর আগে থেকে জানতেন না খোদ রাশমিকাও। ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, মুক্তি পিছিয়ে যাওয়ার কথা শুনেছেন তিনি। তবে নতুন তারিখ কবে, তা এখনো জানেন না। নিশ্চিতভাবে জানার পর ভক্তদের জানাবেন বলেও জানিয়েছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান আনফর্মুলা ফিল্মস ও পরিচালক রবীন্দ্র এক যৌথ বিবৃতিতে মুক্তি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, সিনেমাটির প্রযুক্তিগত মান ও বড় পর্দার অভিজ্ঞতায় কোনো ছাড় দিতে চান না তারা। দর্শকদের জন্য আরও উন্নত ও ব্যতিক্রমী অ্যাকশন সিনেমা তৈরি করতেই মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে।
রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ একটি অ্যাকশন-থ্রিলার সিনেমা। এতে গোন্ড আদিবাসী সম্প্রদায়ের এক সাহসী নারী যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। সিনেমায় তার ভিন্নধর্মী ও শক্তিশালী লুক ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

মন্তব্য করুন