গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বরে এ ঘটনার সূত্রপাত। মিছিল শেষে বক্তব্য দেওয়ার সময় পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের ছাত্রলীগ নেতা মোরসালিন ও চরমানিকদাহ গ্রামের সাজিদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

এর জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। নিজেদের মধ্যে মীমাংসা হয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।