কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া অর্থে শুধু মসজিদের কার্যক্রমই পরিচালিত হচ্ছে না, বদলে যাচ্ছে এতিম ও অসহায় শিশুদের জীবনও। এই অর্থে পরিচালিত মাদরাসায় পড়াশোনা করে ইতোমধ্যে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ২৫০ জন এতিম শিক্ষার্থী।
শনিবার (২১ নভেম্বর) দানবাক্স খোলার পর আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদের অর্থ ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।
তিনি জানান, মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করা হয়। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং উন্নয়নমূলক কাজেও এই অর্থ ব্যবহার করা হয়।
শুধু তাই নয়, জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জের অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়।
এদিকে, প্রায় পাঁচ মাস পর শনিবার সকালে পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হলে বেরিয়ে আসে ৫১ বস্তা টাকা। সকাল ৭টায় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ৯টা থেকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শুরু হয় গণনা। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
নগদ টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা। গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে।
মানুষের বিশ্বাস ও ভালোবাসায় জমা হওয়া এই বিপুল দানের অর্থ শিক্ষা, চিকিৎসা ও মানবকল্যাণে ব্যয় হওয়ায় পাগলা মসজিদ এখন শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এলাকার একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখছে।

মন্তব্য করুন