বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর মাঠে গড়ায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। তবে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ভেজা আবহাওয়া ও দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেনি। মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

বাংলাদেশের কোনো ব্যাটারই ৩০ রানের ঘর ছুঁতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ৪০ বল খেলে এই রান করেন তিনি।

শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৩ রানেই ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রবিন। তবে অ্যানরিখ নরকিয়ার বলে বোল্ড হয়ে ২৩ রানে থেমে যায় তার ইনিংস। একই ওভারে বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। আগের টেস্টে দুই ইনিংসে ১২ ও ১১ রান করা শান্ত এবার করেন মাত্র ৪ রান।

টেস্ট মেজাজে ব্যাটিং করছিলেন অভিজ্ঞ মুমিনুল হক। কিন্তু উইয়ান মুল্ডারের বলে স্টাম্প হারানোর আগে ৫১ বল খেলে করেন ১৮ রান। তার বিদায়ে ৬০ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এরপরও ব্যাটিং বিপর্যয় থামেনি। আগের টেস্টের দুই উল্লেখযোগ্য পারফরমার লিটন দাস ও তাওহীদ হৃদয়ও এবার ব্যর্থ হন। লিটন করেন ৮ রান, হৃদয়ের ব্যাট থেকে আসে ১৯ রান। দলে ফিরে জাকের আলীও হতাশ করেন। ২০ বল খেলে মাত্র ১ রান করে কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন তিনটি করে উইকেট নেন। অ্যানরিখ নরকিয়া শিকার করেন দুটি উইকেট।