দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। ২০০৪ সালের পর এটিই দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে দলটির প্রথম জয়।
মঙ্গলবার শারজায় সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে নাটকীয় লড়াই শেষে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। তবে পরাজিত দলের হয়েও ইতিহাস গড়েছেন অভিষিক্ত আফগান ক্রিকেটার নাসির খান। সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট। টেস্ট অভিষেকে একই ম্যাচে সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৩৩৯ রান করে। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২১৭ রানে। ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। তবে আফসার জাজাইয়ের ৮৭ রান এবং নাসির খানের অপরাজিত ১০১ রানে লড়াই জমে ওঠে। শেষ পর্যন্ত ৩৬০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে ৫৭ রানের জয় নিয়ে ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের আনন্দে মাতে জিম্বাবুয়ে।

মন্তব্য করুন