বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ।
প্রতিনিধিদল প্রকল্পের সম্ভাবনা ও বিনিয়োগ পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন। পাশাপাশি দেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে নিজেদের আগ্রহের কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

মন্তব্য করুন