স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকলেও এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তার এই পোস্টের পরই তাদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পরে পোস্টটি সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ন্যান্সি জানান, আলাদা থাকার কথা বললেও সেটিকে বিবাহবিচ্ছেদ হিসেবে উপস্থাপন করা হবে, তা তিনি ভাবেননি। ভুল বোঝাবুঝি এড়াতেই পোস্টটি সরিয়ে নিয়েছেন।

ন্যান্সি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট সরিয়ে নেওয়ার পরও বিষয়টি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য আসছিল। এ কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন তিনি।

বিবাহবিচ্ছেদের খবর নাকচ করে এই সংগীতশিল্পী বলেন, ‘আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ন্যান্সির তৃতীয় বিয়ে।

আপাতত স্বামীর সঙ্গে আলাদা থাকলেও তাদের বিবাহবিচ্ছেদ হয়নি, এমনটাই জানিয়েছেন ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।