শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক বন্ধন, সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খেলাধুলার খোঁজখবর নেন তিনি।
রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
শিশুদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানতে চান, তারা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ খেলা থেকে বাদ পড়ছে কি না। পাশাপাশি নিজেদের মধ্যে খেলাধুলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তিনি।
একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ছোটবেলা থেকেই পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা গড়ে তোলার বার্তা দেন তিনি।
শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোয় গুরুত্ব পেয়েছে একসঙ্গে খেলাধুলা করা, একে অন্যকে সহযোগিতা করা এবং নিজেদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা।


মন্তব্য করুন