ভারতে পাকিস্তানি নাটক, গান ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও থামানো যাচ্ছে না দর্শকদের আগ্রহ। ভিপিএন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিকল্প অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিয়মিত পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয়রা। এমনকি নিষিদ্ধ নাটক ঘিরে বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে সম্মিলিত প্রদর্শনী।

এর সাম্প্রতিক উদাহরণ পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-ই-নিজাত’। ভারতের রাজধানী দিল্লিতে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক উদ্যোক্তা আবু সুফিয়ান খান। মাত্র ৪৫ জন দর্শকের জন্য আয়োজন করা হলেও এতে অংশ নিতে আবেদন করেন ৭০০ জনের বেশি মানুষ। দর্শকদের এমন সাড়া আয়োজকদেরও অবাক করেছে।

নাটকটির জনপ্রিয়তা শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিভিন্ন দৃশ্য, গল্প ও চরিত্র নিয়ে নিয়মিত আলোচনা করছেন ভারতীয় দর্শকরা। বিশেষ করে প্রধান চরিত্র আবু বকরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। বেঙ্গালুরুতে প্রদর্শনীর আয়োজন করা হলেও কর্তৃপক্ষের আপত্তিতে কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের পর পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে নয়াদিল্লি। ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। এরপর পাকিস্তানি গান, সিনেমা ও নাটকের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে প্রযুক্তির কারণে এসব নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। ভিপিএন ব্যবহার করে ভারতীয় দর্শকরা সহজেই পাকিস্তানি কনটেন্ট দেখছেন। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশের পর ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল বলে জানিয়েছে পর্যবেক্ষক প্রতিষ্ঠান টপ১০ভিপিএন।

পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটালের কর্মকর্তাদের দাবি, তাদের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। চ্যানেলটির প্রধান জারজিস সেজার মতে, কনটেন্ট দেখার পথ কঠিন করা সম্ভব, কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, দুই দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মিল পাকিস্তানি নাটককে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। পাশাপাশি গল্পের বাস্তবতা, অভিনয় ও নির্মাণমানও দর্শকদের আকৃষ্ট করছে।

রাজনৈতিক বৈরিতার মধ্যেও পাকিস্তানি নাটকের এই জনপ্রিয়তা দেখিয়ে দিচ্ছে, দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগের আগ্রহ এখনো অটুট।