লাইভ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় ক্যামেরা ড্রোনের আঘাতে আহত হয়েছেন বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এর গায়িকা রেবলে। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে গান থামিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের গুয়াহাটির হাতিশিলায় আয়োজিত ‘পালস ২০২৬ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি’ পরিবেশনের পাশাপাশি মঞ্চে নাচছিলেন রেবলে। ঠিক সেই সময় উড়ে আসা একটি ক্যামেরা ড্রোন তার মুখে আঘাত করে নিচে পড়ে যায়।
হঠাৎ এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন গায়িকা। এরপর গান বন্ধ করে দ্রুত মঞ্চ থেকে নেমে যান তিনি। অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক জামান ডায়েরিজ ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রেবলের ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি গায়িকা।
মেঘালয়ের বাসিন্দা রেবলে সম্প্রতি বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে পরিচিতি পান। সিনেমাটিতে তার গাওয়া তিনটি গান হলো ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’, ‘মুভ-ইয়ে ইশক ইশক’ এবং ‘নাল নাচনা’।
এর আগে ২০২৩ সালে চেন্নাইয়ের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে পারফর্ম করার সময় ড্রোনের আঘাতে আহত হয়েছিলেন সংগীতশিল্পী বেনি দয়াল। একই বছর গায়িকা নিকিতা গান্ধীও ড্রোনের আঘাতে আহত হন।
রেবলের এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে লাইভ অনুষ্ঠানে ক্যামেরা ড্রোন ব্যবহারের নিরাপত্তা। বিশেষ করে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ অপারেটর নিয়োগ এবং ড্রোন পরিচালনায় যথাযথ সতর্কতা অবলম্বনের দাবি উঠেছে।


মন্তব্য করুন