হলিউডের বিখ্যাত সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সঙ্গে ছিল ছেলে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এবার ছেলেকে নিয়ে হলিউড ঘুরে দেখার দীর্ঘদিনের আগ্রহ পূরণ করলেন এই অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, সামনে রয়েছে লন্ডন ও নিউইয়র্ক সফরের পরিকল্পনা।
ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের ভ্রমণে বের হয়েছেন শাবনূর। এবারের সফরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা ঘোরার পাশাপাশি কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবেও অংশ নেবেন তিনি।
গত বৃহস্পতিবার সকালে সিডনি থেকে উড়োজাহাজে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান শাবনূর। সেখানে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে শহরে পৌঁছেই হোটেলে যাওয়ার আগে ছেলেকে নিয়ে ঘুরে দেখেন হলিউডের বিখ্যাত সাইনটি। সান্তা মনিকা পাহাড়সংলগ্ন এলাকায় গিয়ে ছবিও তোলেন।
হলিউডের বিশাল আয়োজন, শিল্পচর্চা এবং পর্যটকদের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। নিজের অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, হলিউডের এই এলাকা কত বিশাল, তা সরাসরি না দেখলে অনুমান করা কঠিন। প্রতিদিন অসংখ্য মানুষ হলিউড সাইনকে পেছনে রেখে ছবি তুলতে আসেন। পুরো আয়োজনটি তাঁর কাছে অসাধারণ মনে হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এরপর তাঁর গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন। সেখানে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। অনুষ্ঠান শেষে কয়েক দিন ঘোরাঘুরি করে যাওয়ার পরিকল্পনা রয়েছে নিউইয়র্কে। সবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরবেন এই অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পরিচিতজন ও বন্ধুদের সঙ্গেও সময় কাটানোর সুযোগ পাচ্ছেন শাবনূর। সেখানে অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা অমিত হাসানের পরিবারের সদস্যসহ অনেক পরিচিত মানুষ রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা ও আড্ডায় বেশ আনন্দেই কাটছে তাঁর সময়।
শাবনূর জানান, চলতি বছর এটি তাঁর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। তবে এবারের ভ্রমণটি বিশেষ, কারণ ছেলেকে সঙ্গে নিয়ে নতুন নতুন জায়গা ঘুরে দেখছেন তিনি। হলিউডের অভিজ্ঞতা শেষে এবার তাঁর অপেক্ষা লন্ডন ও নিউইয়র্কের নতুন ভ্রমণ-অভিজ্ঞতার।


মন্তব্য করুন