দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০২৭ সাল থেকে চালু হচ্ছে মিড ডে মিল কর্মসূচি। এর আওতায় প্রতিদিন দুপুরে পুষ্টিকর খাবার পাবে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু। শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পুষ্টিকর খাবার পাচ্ছে।

তিনি বলেন, আগামী বছর থেকে দেশের সব ৫০০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এতে চার থেকে ১০ বছর বয়সী বিপুলসংখ্যক শিশু উপকৃত হবে।

খাবারের পুষ্টিগুণ ও মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ততা এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা। তাঁর মতে, স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে দেশের শিশুদের অপুষ্টির চিত্র তুলে ধরে তিনি জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষির আধুনিকায়ন এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপি অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও খাদ্যনিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।