পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে দুই ব্যক্তি হোটেলের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ম্যানেজার নাঈমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় নাঈমুরের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান। হামলাকারীরা তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
পরে আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তবে তাদের সঙ্গে হোটেল ম্যানেজারের কী নিয়ে বিরোধ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পাশাপাশি হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।


মন্তব্য করুন