মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমা আয় করেছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি! স্বল্প বাজেটের এই অবিশ্বাস্য সাফল্যে চলতি বছরের অন্যতম বড় চমক তৈরি করেছে ভারতীয় সিনেমা ‘হনুমান অংশ’। নিম করোলি বাবার জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছেন তিন নারী, যাদের সম্মিলিত উদ্যোগ বদলে দিয়েছে চলচ্চিত্রটির ভাগ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পরিচালক ও প্রযোজক ড. বিশাল চতুর্বেদীর পাশাপাশি সিনেমাটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনুপ্রিয়া নাগর, রাগিনি সোনা ও নম্রতা জি সিং।
তিন নারীর মধ্যে সবচেয়ে কম বয়সী ২১ বছর বয়সী অনুপ্রিয়া নাগর। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের সময় অর্থসংকট দেখা দিলে তিনি বিনিয়োগে এগিয়ে আসেন। মোট বিনিয়োগের এক-তৃতীয়াংশ অর্থায়ন করেন তিনি। পাশাপাশি প্রচারের জন্য ১০০টির বেশি পডকাস্ট পরিচালনাকারী ও কনটেন্ট নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমাটির প্রতি তাঁর আধ্যাত্মিক আগ্রহ থেকেই এই উদ্যোগ।
অন্যদিকে, রাগিনি সোনা শুরু থেকেই সিনেমাটিকে একটি পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজিতে রূপ দেওয়ার সম্ভাবনা দেখেছিলেন। তাঁর মতে, নিম করোলি বাবার জীবন ও দর্শন ঘিরে একাধিক পর্ব নির্মাণের মতো গল্পের উপাদান রয়েছে।
এদিকে, সিনেমাটির জনসংযোগ, বিপণন, পুরস্কারবিষয়ক প্রচার এবং কৌশলগত অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নম্রতা জি সিং। নির্মাতাদের সঙ্গে সমন্বয় করে সিনেমাটির ব্যবসায়িক সম্ভাবনা ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেন তিনি।
তিনজনের দায়িত্ব ছিল আলাদা। কেউ অর্থায়ন ও প্রচারে, কেউ ভবিষ্যৎ পরিকল্পনায়, আবার কেউ ব্যবসায়িক কৌশল ও জনসংযোগে ভূমিকা রেখেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ২ কোটি রুপির ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে ৪৫২ কোটি রুপির বেশি আয় করে পরিণত হয়েছে বছরের অন্যতম আলোচিত সিনেমায়।


মন্তব্য করুন