দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ১৫ টাকা।

তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি লিটার খোলা পাম তেল আগের মতোই ১৬৬ টাকায় বিক্রি হবে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, আমদানি এবং ঋণপত্র খোলার পরিস্থিতি তুলে ধরা হয়। এসব তথ্য পর্যালোচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম অপরিবর্তিত ছিল। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল।

এদিকে রমজান সামনে রেখে বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের বেশি বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।