দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। তবে মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন ১০৬ জন এবং সন্দেহজনক হামে মারা গেছেন ১ হাজার ২৭২ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একই সময়ে নতুন করে ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭৩ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে সিলেটে ৩১, ঢাকায় ২৭ এবং চট্টগ্রাম ও খুলনায় ১০ জন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫৫৪। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭২ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে ঢাকা বিভাগে। এখানে সন্দেহজনক হামে মারা গেছেন ৫৬৬ জন। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকায়। এ বিভাগে মারা গেছেন ৬৯ জন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।