দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পরিচালনার দায়িত্ব পাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ বিষয়ে কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি জানান, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এই চুক্তি হচ্ছে। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর।
বেবিচক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিচালনার লক্ষ্য রয়েছে।
চুক্তি অনুযায়ী, জাপানি প্রতিষ্ঠানটি তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং এবং নতুন আমদানি-রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। তবে বিমানবন্দরের রানওয়ে, নিরাপত্তা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, অগ্নিনির্বাপণ এবং উদ্ধার কার্যক্রমের দায়িত্ব থাকবে বেবিচকের হাতে।
রাজস্ব বণ্টনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। প্রাথমিকভাবে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচক পাবে। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এই হার বেড়ে ২৭ শতাংশ হবে।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে ব্যাগেজ সরবরাহের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ বেল্টে পৌঁছাতে হবে। সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে উদ্বোধন করা হলেও এতদিন পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি।
প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছে বেবিচক।

মন্তব্য করুন