নির্মল বাতাস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে নিরাপদ পর্যটনবান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।’

শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আয়োজিত মিডিয়া রান-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার অংশ নেন। প্রতিযোগিতায় সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান—দুটি ক্যাটাগরি ছিল।

পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গা ভ্রমণ নয়; বরং প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। বাংলাদেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।

তিনি বলেন, পর্যটনের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশের পর্যটন উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। তিনি হাতিরঝিলের মিডিয়া রানের মতো কর্মসূচি কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রেও আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।