যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) উড্ডয়নের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও একটি উড়োজাহাজের ডানার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে জড়িত উভয় উড়োজাহাজই আমেরিকান এয়ারলাইনসের। এর একটি ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অন্যটি শিকাগোগামী ফ্লাইট ২১৫২। দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭ মডেলের।
বিমানবন্দর সূত্রে জানা যায়, উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজ দুটির ডানার সঙ্গে ডানার ধাক্কা লাগে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড অনুযায়ী, সংঘর্ষের বিষয়টি পাইলটরা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর টাওয়ারকে জানান।
ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএনকে জানান, উড়োজাহাজটি নির্ধারিত ‘হোল্ড-শর্ট লাইন’ অতিক্রম করায় পাশের বিমানটির সঙ্গে সংঘর্ষ হয়। অন্য উড়োজাহাজের পাইলটও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংঘর্ষে একটি বিমানের ডানার বাইরের দিকে ওপরের দিকে বাঁকানো অংশ বা উইংলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে একজন পাইলটকে ক্ষতিগ্রস্ত ডানা থেকে কিছু অংশ মাটিতে পড়ে যাওয়ার কথা জানাতে শোনা যায়।
ঘটনার পর বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি উড়োজাহাজকে অবতরণ না করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সংঘর্ষে জড়িত দুটি বিমানই নিরাপদে গেটে ফিরে আসে।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজ দুটি সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ দল সেগুলো পরীক্ষা করছে। পাশাপাশি যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে। দেশটিতে থ্যাঙ্কসগিভিং ছুটিতে বিপুলসংখ্যক মানুষের ভ্রমণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটল।

মন্তব্য করুন