প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবারও নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ৫ ডিসেম্বরের এই সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে এই সফরের সবচেয়ে আলোচিত বিষয় শুধু প্রধানমন্ত্রীর আগমন নয়, বরং বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা।

স্থানীয় সংসদ সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, সফরে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন।

শনিবার (২৮ নভেম্বর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোকামতলা উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন করতে পারেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কার্যক্রম এবং জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। পরে বগুড়ায় ফিরে শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন তিনি।

এই সভায় জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় এক হাজার থেকে এক হাজার ১০০ নেতাকর্মী অংশ নিতে পারেন।

এদিকে বগুড়া বিমানবন্দর নিয়েও নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন সংসদ সদস্য মোশারফ হোসেন। তিনি জানান, আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গেও কথা বলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বগুড়া থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হতে পারে।

এ ছাড়া বগুড়াকে বিভাগ ঘোষণা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সিটি করপোরেশনের কার্যক্রম এবং রেল যোগাযোগ সম্প্রসারণ নিয়েও স্থানীয়দের প্রত্যাশা রয়েছে।

সব মিলিয়ে ৫ ডিসেম্বরের এই সফর বগুড়ার রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন কোনো বার্তা নিয়ে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা।