সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিমা খাত, পুঁজিবাজার ও বন্দর ব্যবস্থাপনার মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে ব্যবসার খরচ কমার পাশাপাশি স্বচ্ছতা বাড়বে এবং রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ নামের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা নিজেদের মতো করে আলাদা প্রকল্প বাস্তবায়ন করেছে। ফলে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে ওঠেনি। এখন প্রতিটি লেনদেনে তাৎক্ষণিক নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ সময় দেশের বিমা খাতের অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, কিছু বিমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ না করে অর্থ অন্য খাতে বিনিয়োগ করছে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিমার প্রিমিয়াম ও কাভারনোট নিয়ে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে।
মন্ত্রী জানান, এসব অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুঁজিবাজার ও বন্দর ব্যবস্থাপনাকেও সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সাধারণ মানুষের কল্যাণে প্রয়োজন হলে সরকার কঠিন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান অর্থমন্ত্রী।

মন্তব্য করুন