রাজধানীবাসীর জন্য সুখবর! ২০২৭ সালের জুন থেকে ঢাকার ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করতে যাচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
যেসব এলাকায় প্রথম পর্যায়ে পানি সরবরাহ করা হবে, সেগুলো হলো—বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীতে সরবরাহ করা হবে। প্রকল্পের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপ চালু হলে যুক্ত হবে আরও ৫০ কোটি লিটার পানি। ফলে দুই ধাপে দৈনিক পানি সরবরাহের সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। বর্তমানে পানির চাহিদার বড় একটি অংশ ভূগর্ভস্থ উৎস থেকে পূরণ করা হয়। নতুন এই প্রকল্প চালু হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং রাজধানীতে নিরাপদ পানির সরবরাহ বাড়বে।
প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জুন থেকেই ১৩টি অঞ্চলের বাসিন্দারা পাবেন শোধন করা পানি।

মন্তব্য করুন