দীর্ঘ এক দশক ধরে আলোচনায় থাকা চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বেইজিং সফরের আগেই প্রকল্পটির অগ্রগতি দৃশ্যমান হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রকল্পটি পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রেস উইং।
প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা, যার মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেবে চীন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটির সমীক্ষা ও ডেভেলপার হিসেবে দায়িত্ব পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের নতুন কেন্দ্র গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সরকারের আশা, অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে অন্তত ৫০ কোটি ডলারের নতুন বিনিয়োগ আসবে এবং প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও সেতুসহ আধুনিক অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার, পানি পরিশোধন কেন্দ্র এবং অন্যান্য সহায়ক স্থাপনাও নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে এটি শুধু একটি শিল্পাঞ্চল নয়, বরং একটি পূর্ণাঙ্গ শিল্প ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে একনেক সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধিত প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

মন্তব্য করুন