প্রতিহিংসা ও ব্যক্তিগত ক্ষোভের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা ভুলে গঠনমূলক চিন্তাই এখন সময়ের দাবি।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার সঙ্গে যা হয়েছে, তার প্রতিশোধ নিলে তা আর ফেরত আসবে না। তাই প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে এসে দেশের জন্য কী করা যায়, সেই চিন্তাই করতে হবে।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। তার মতে, সরকারের ভুল হতে পারে, সেগুলো নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া দরকার।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকারের একার পক্ষে সব কাজের সঠিক চিত্র পাওয়া সম্ভব নয়, তাই সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা না পেলে বুঝতে পারব না কাজটা ভালো হচ্ছে নাকি কোথায় ঘাটতি আছে।

মাদককে তরুণ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক ও সাংস্কৃতিক বিকল্প তৈরি করাও জরুরি। খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবনী কার্যক্রম তরুণদের ইতিবাচক পথে রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে দেশজুড়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। তবে এসব কর্মসূচি যথাযথভাবে প্রচার না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

তরুণদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক ও বিতর্ক চর্চা বাড়ানো উচিত। একই সঙ্গে সহিংস আচরণ ও অমানবিক প্রবণতা রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।