দেশের অর্থ বিদেশে পাচার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেই ব্যয় করা হবে।
বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার সেই প্রবণতা বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করা হবে।
তিনি আরও বলেন, যারা অর্থপাচারের সঙ্গে জড়িত বা ভবিষ্যতে এমন অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাই সচেতন থাকলে দেশের সম্পদ বিদেশে পাচার করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন এবং কয়েকজন নারী উপকারভোগীর হাতে সরাসরি কার্ড তুলে দেন। পাশাপাশি চা শ্রমিকদের আবাসন সহায়তা, শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধীদের আর্থিক অনুদানও প্রদান করা হয়।
বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলের সবচেয়ে বড় শক্তি দেশের সাধারণ মানুষ। জনগণের সমর্থন নিয়েই বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করবে।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সংকটময় সময়েও তিনি দেশ ও জনগণের পাশে ছিলেন। সেই আদর্শ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদার করা হবে।
তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে চা-বাগানের নারী শ্রমিকদের অন্তর্ভুক্ত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে অধিকাংশ শ্রমিক পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে একটি জাম ও একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

মন্তব্য করুন