প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা সরকারকে কাজ করার সময় না দেওয়ার কথা বলছে, তারা জনগণের নয়, নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দেশের উন্নয়নে কাজ করার সুযোগ সরকারকে দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা বলছে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা জনগণের স্বার্থের কথা বলছে না। তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাই তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে তাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, শিক্ষা ও সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার জনগণের সম্পদ দেশের ভেতরেই রেখে তা উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যয় করতে চায়। জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে দেশ ও দেশের মানুষকে। জনগণের অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার নারী উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি চা-শ্রমিকদের আবাসন সহায়তা, শিক্ষাবৃত্তি এবং দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন