ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) ঘটনার মাত্র আট দিনের মধ্যে আদালতে দাখিল করেছে পুলিশ। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ায় জেলা পুলিশের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন সন্ধ্যায় বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে রাতেই বাড়ির নিকটবর্তী কংস নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও গোসল করানোর সময় শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় ১৫ জুন রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হলেও চারজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে প্রাপ্ত তথ্য, জবানবন্দি, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুলিশ অভিযোগপত্র প্রস্তুত করে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, দ্রুত সময়ের মধ্যে ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। ঘটনার সব দিক যাচাই-বাছাই করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
তিনি বলেন, আসামিদের স্বীকারোক্তি এবং তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন