গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় সরকারি সম্পত্তির প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

গত রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। পরে সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আরিফুল ইসলাম।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সহযোগী সংগঠনের আরও ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৮ হাজার জনকে।

এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি এলএমজি, আটটি চায়না রাইফেল, ১১টি শটগান, দুটি গ্যাসগান, আটটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ পিস্তল এবং তিনটি এসএমজি। এসব অস্ত্রের সঙ্গে বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অন্যান্য গোলাবারুদও লুট হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এজাহারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট মিলিয়ে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা দাবি করা হয়েছে।

গোপালগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডে থানা ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে সীমিত পরিসরে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হচ্ছে।