দীর্ঘদিনের মজুরি আন্দোলনের পর অবশেষে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলে। সরকারের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। শ্রমিকদের কাজে ফেরায় মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে গাজীপুরের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা যায়।
এর আগে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন চলছিল গাজীপুরের শিল্পাঞ্চলে। শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতির কারণে প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিনই অনেক কারখানায় ছুটি ঘোষণা করতে হতো।
তবে নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকেরা কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তাঁরা সন্তুষ্ট। তাঁরা আর কোনো আন্দোলন চান না। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
শ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ মেটানো কঠিন ছিল। নতুন মজুরিতে তাঁদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করছেন তাঁরা।
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকেরা আনন্দের সঙ্গে কাজে ফিরেছেন। কারখানায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় স্বস্তি তৈরি হয়েছে। উৎপাদন কার্যক্রম সচল থাকলে শ্রমিক ও মালিক—উভয় পক্ষই উপকৃত হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা কাজে মনোযোগ দেবেন বলে আশা করছেন তাঁরা। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

মন্তব্য করুন