মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পেলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে সেরা হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের কথা জানান মাহি। তিনি জানান, প্রতিযোগিতার দুটি গুরুত্বপূর্ণ বিভাগে দর্শকদের ভোটে বাংলাদেশের জয় এসেছে। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।

সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি না পরে তিনি বেছে নিয়েছিলেন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। এর সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়। তাঁর এই ভিন্নধর্মী উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়।

ইভনিং গাউন পর্বেও দর্শকদের নজর কাড়েন বাংলাদেশের এই প্রতিযোগী। দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হওয়াকে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন তিনি।

অন্য এক পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশাপাশি নিজের নাম দেখতে পেরে তিনি কৃতজ্ঞ। পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের দোয়া, ভালোবাসা ও উৎসাহ তাঁকে সাহস জুগিয়েছে।

মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেলেও দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতি তাঁর অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।

নিজের সাফল্যের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহি বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য গর্বের। প্রতিটি পদক্ষেপে দেশকে হৃদয়ে ধারণ করেছেন তিনি। পোস্টের শেষে লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’