দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দেখা যাওয়া রহস্যময় উজ্জ্বল আলোর উৎস সম্পর্কে জানা গেছে। এটি কোনো উল্কাপিণ্ড বা অজানা মহাজাগতিক বস্তু নয়, বরং চীনের একটি স্যাটেলাইটবাহী রকেট উৎক্ষেপণের দৃশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা, নরসিংদী, পঞ্চগড়, রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আকাশে এই আলোর ঝলক দেখা যায়। অনেকে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর থেকেই আলোটির উৎস নিয়ে নানা আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের (বিডব্লিউওটি) ফেসবুক পোস্টে জানানো হয়, চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওগান ৫০ডি নামের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণের কারণেই বাংলাদেশ থেকে এই দৃশ্য দেখা গেছে।
চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিট) লং মার্চ ৬এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়।
বিডব্লিউওটির ব্যাখ্যা অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ১২ থেকে ১৫ মিনিট পর রকেটের দ্বিতীয় ধাপ কক্ষপথে স্যাটেলাইট স্থাপন ও অতিরিক্ত গ্যাস নির্গমনের প্রক্রিয়া সম্পন্ন করে। এ সময় উচ্চ বায়ুমণ্ডলে গ্যাসের বিস্তার ও সূর্যের আলোর প্রতিফলনের কারণে আকাশে উজ্জ্বল আলোর আকৃতি তৈরি হয়। বাংলাদেশ থেকে রাত ৭টা ১০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে এটি দৃশ্যমান হয়।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন (সিএএসসি) উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। স্যাটেলাইটটি তৈরি করেছে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি। ভূমিসম্পদ জরিপ, কৃষি উৎপাদনের পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য সংগ্রহে এটি ব্যবহার করা হবে।
রকেট উৎক্ষেপণের পর আকাশে এমন আলোর দৃশ্য নতুন নয়। এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আলাস্কা ও নিউজিল্যান্ডেও এ ধরনের আলোকচ্ছটা দেখা গেছে। চলতি বছরের ৮ মে বাংলাদেশ ও ভারতের আকাশেও রহস্যময় আলোর রেখা দেখা গিয়েছিল। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেটি ছিল দেশটির অগ্নি সিরিজের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার দৃশ্য।

মন্তব্য করুন