https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সীমান্তসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব পক্ষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে জনগণ উদ্বিগ্ন। এ অবস্থায় সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য অপরিহার্য।
রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায় ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। তার ভাষায়, নতুন বা পুরোনো—যে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিরোধে তারা সোচ্চার থাকবেন।
জামায়াত আমির অভিযোগ করেন, চলতি বছরের গণভোটে জনগণের একটি গুরুত্বপূর্ণ মতামত বাস্তবায়ন করা হয়নি। তার দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারের বিষয়ে জনগণের দেওয়া রায় যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও স্বাধীন করার বিষয়ে সরকার প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি। এসব বিষয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন, হত্যাকাণ্ড এবং রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার ইতিবাচক উদ্যোগ নিলে তারা সহযোগিতা করবেন। তবে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিকভাবে তার বিরোধিতা করা হবে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের স্বার্থ ও দেশের কল্যাণে জামায়াত ভবিষ্যতেও কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।